লালমনিরহাটের সদরে পরকীয়া প্রেমের সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুড়িয়াদহ মন্ডলেরহাট এলাকার স্বামীর বাড়ি থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।খাদিজা বেগমওই এলাকার রাসেল মিয়ার (৩০) স্ত্রী।
জানা যায়, উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ মন্ডলেরহাট এলাকার শাহজাহান আলীর ছেলে রাসেল মিয়ার সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় খাদিজা বেগমের। কিছুদিন ধরে স্বামী রাসেলের ওপর পরকীয়া প্রেমের অভিযোগ তোলেন স্ত্রী খাদিজা বেগম। এ নিয়ে কয়েক দিন ধরে তাদের সংসারে বিবাদ চলছিল। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে খাবার শেষে ঘুমিয়ে যান স্বামী রাসেল মিয়া। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে স্বামী রাসেল মিয়ার পুরুষাঙ্গ কর্তনসহ মাথায় ও বাম চোখে কোপ দেন খাদিজা বেগম।
তখন রাসেলের চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার পরিবারের খবরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রী খাদিজা বেগমকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান আহত রাসেলের পরিবার।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আহত রাসেলের পরিবারের মৌখিক অভিযোগে স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। আহত রাসেলের পুরুষাঙ্গসহ মাথায় ও বাম চোখে পর্যাপ্ত জখম হয়েছেন। স্ত্রীর সঙ্গে আরো কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।